স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পরও একতরফা শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)। বিশেষ সাধারণ সভায় নির্ধারিত সময়সীমা রাখা না হলেও গ্রাজুয়েট এলডিসিদের বাধাহীন ও টেকসই উত্তরণের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত এ সুবিধা অব্যাহত রাখার জন্য বলা হয়েছে। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য ২০১৭ সালে এলডিসি মন্ত্রী পর্যায়ে আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে এলডিসি গ্রুপের পক্ষ থেকে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করা হয়।
২০২৬ সালে এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এর ফলে বাংলাদেশসহ ভবিষ্যতে এলডিসি থেকে উন্নীত দেশগুলোর বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করবে। নেগোসিয়েশন-এর প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বহুপাক্ষিক, জটিল ও দীর্ঘ পথ পরিক্রমায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন এলডিসি গ্রুপের ফোকাল পয়েন্ট হিসেবে অবদান রাখছে এবং সময়োপযোগী ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। গ্রাজুয়েশন পরবর্তী পর্যায়ে এলডিসি’র জন্য ক্ষেত্রভিত্তিক বিশেষ সুবিধাদি চিহ্নিত করার আলোচনা এলডিসি উপ কমিটিতে চলমান রয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৪ মাসে আবুধাবি’তে অনুষ্ঠেয় ডাব্লিউটিও’র ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের লক্ষ্যে বাংলাদেশসহ এলডিসি গ্রুপের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে।