অমর একুশে বইমেলা ২০২৪ এ আসছে তরুণ কথাসাহিত্যিক হিমেল মাহমুদের গল্পের বই ‘লাল প্রাইভেট কার’। বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত। প্রচ্ছদ সব্যসাচী মিস্ত্রীর।
এটি লেখকের তৃতীয় বই এবং গল্পগ্রন্থ হিসেবে দ্বিতীয়। তার প্রথম গল্পের বই ‘শাটল ট্রেন’ প্রকাশ পায় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ২০১৬ সালে। গতবছর প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘জায়গির’, যা পাঠক মহলে বেশ সমাদৃত হয়।
তারই ধারাবাহিকতায় এবারের বইটি নিয়েও বেশ আশাবাদী লেখক হিমেল মাহমুদ। তিনি বলেন, আমার লেখার বিষয়বস্তু মানুষ। সেটা গ্রামীণ হোক বা শহুরে। চলতে ফিরতে নানা কিসিমের মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, বিনিময় হয় অভিজ্ঞতার। প্রত্যেক মানুষেরই রয়েছে তার নিজস্ব গল্প। আমি সেখান থেকে প্রতিনিয়ত গল্প কুড়িয়ে নিজের ঝুলি সমৃদ্ধ করি। পরে তা থেকে কিছু পাঠককে বলার চেষ্টা করি নিজস্ব ঢঙে। আমার গল্পগুলো যেহেতু এভাবেই উঠে আসে এবং স্বভাবতই জীবন ঘনিষ্ট খুব, পাঠকও তাই সেগুলোকে একান্ত নিজের মনে করে গ্রহণ করেন পরম যত্নে।
তিনি বলেন, ভাষার অতি পাণ্ডিত্বে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি সরলতায়। বিভিন্ন রস ও রঙের ১৬টি গল্প নিয়ে সাজানো লাল প্রাইভেট কারও তাই অতি সরল একটি বই। খুব সহজ ভাষায় বলে ফেলা গল্পগুলোর কোনোটিতে উঠে এসেছে একান্নবর্তী পরিবারে বসবাসের স্বর্গীয় সুখ, গ্রামীণ নৈসর্গিক রূপ কিংবা নাগরিক জীবনের বিড়ম্বনা। রয়েছে চিরকালীন প্রেম-অপ্রেমের কথা, বিরহ বেদনার কথা। কোনো কোনো গল্পে রয়েছে কেবলই হাস্যরস, কোথাও অবধারিতভাবে চলে এসেছে আদিম ও অকৃত্রিম কামনা-বাসনার কথাও। বইটি পড়তে পড়তে একেক সময় হয়ত পাঠকের চোখ ভিজে উঠবে, আবার হো হো করে হেসেও উঠতে পারেন পরক্ষণে।
লাল প্রাইভেট কারের বিষয়ে জানতে চাইলে বইটির সম্পাদক আকবর চৌধুরী বলেন, লাল প্রাইভেটকার একটি সামাজিক গল্পের বই। পাঠক তার চাহিদা অনুযায়ী কিছু ঠাসা ঠাসা গল্প পাবে। এটা পড়ে পাঠকের মনের তৃপ্তি পূর্ণসহকারে সমৃদ্ধ করবে। আগামী অমর একুশে বইমেলায় ঢাকা ও চট্টগ্রামে অক্ষরবৃত্তর স্টলে বইটি প্রথম দিন থেকে পর্যাপ্ত সংখ্যক পাওয়া যাবে।