এফবিসিসিআই নতুন সভাপতি মাহবুবুল আলম

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম।  তিনি ২০২৩-২৫ মেয়াদে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেবেন।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি আমীন হেলালী।

এর পাশাপাশি এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৬ জন পরিচালক।

চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বারের প্রতিনিধি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার এবং বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত সহ-সভাপতি হলেন ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শমী কায়সার, মাইজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাশেদুল হাসান চৌধুরী (রনি) এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মো. মনির হোসেন।

বুধবার (০২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক অনুষ্ঠানে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।  এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।  এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।