সারাদেশে গত এপ্রিলে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত এবং ৮৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বিশ্লেষন করে এ তথ্য সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া একই সময়ে রেলপথ দুর্ঘটনায় ৩৪ জন ও নৌপথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় মোট ৫৯৭ জনের মৃত্যু এবং ৯১৯ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১৪৪ জন চালক, ৭৮ জন পথচারী, ৪৭ জন নারী, ৪৩ জন শিশু, ৩০ জন শিক্ষার্থী, ২২ জন পরিবহন শ্রমিক, চারজন পুলিশ, একজন আনসার সদস্য, একজন বিমানবাহিনীর সদস্য, দুইজন বিজিবি সদস্য, চারজন শিক্ষক, তিনজন চিকিৎসক, একজন সাংবাদিক, দুইজন আইনজীবী, একজন প্রকৌশলী ও পাঁচজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।
এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭৪০ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ৩০.৫৪ শতাংশ মোটরসাইকেল, ২৩.২৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫.১৩ শতাংশ বাস, ১৩.৬৪ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৫.৮১ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৬.৭৫ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৪.৮৬ শতাংশ কার-জীপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।