একাডেমি কাপ ফুটবলে মুখরিত হবে স্টেডিয়াম

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে সিডিএফএ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শীগ্রই এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে।  আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের যে কোন দিন মাঠে গড়াবে এ টুর্নামেন্ট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সার্বিক নির্দেশনায় প্রথমবারের মতো এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।  বাফুফের অনুমোদিত একাডেমি গুলোই এ টুর্নামেন্টে খেলবে।

এ টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন একাডেমির খেলোয়াড়দের মধ্যে বেশ প্রাণচাঞ্চলের সৃষ্টি হয়েছে।  স্টেডিয়াম পাড়ায় গেলেই ইদানিং চোখে পড়ছে ব্যাপক হারে ক্ষুদে ফুটবলারদের আনাগোনা।  তাদের পদচারণায় স্টেডিয়াম পাড়া এখন মুখরিত।  অবশ্য এই আনাগোনার আরেকটা কারণ হচ্ছে, এখন সেখানে খেলোয়াড়দের বয়স যাচাই বাছাই চলছে।

আয়োজক জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম বিশ্বাস করেন, এই টুর্নামেন্ট থেকে বেশ কিছু ফুটবলার বেরিয়ে আসবে।  এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভাল একটা স্পন্সর পেলে, এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পরিকল্পনা আমাদের রয়েছে।

টুর্নামেন্ট সংশ্লিস্ট এবং চট্টগ্রামের ফুটবল অঙ্গনের কিংবদন্তী ব্যক্তিত্ব নজরুল ইসলাম লেদু এই প্রশিক্ষণের ব্যাপারটি দেখভাল করবেন।  কোচ নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণের ধরণসহ খেলোয়াড়দের লজিং-ফুডিং এ ব্যাপারে তিনি বেশ সিদ্ধ হস্ত।  তিনি আবার খেলোয়াড় বাছাই কমিটির আহ্বায়ক ও সিডিএফএ এর সহ-সভাপতি। মুলতঃ তার দিক নির্দেশনাতেই বেশ সুক্ষভাবেই বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রবিবার (১৬ জুলাই) থেকে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে এবং এখনো চলছে।  সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস ও সিডিএফএ নির্বাহী সদস্য মো. ইউসুফ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর এই বাছাই কার্যক্রম পরিচালনা করছেন।

এখানে উল্লেখিত মো. ইউসুফও একজন পরীক্ষিত কর্মকর্তা।  তিনি সিজেকেএস ফুটবল কমিটিতে বেশ কয়েক মেয়াদে ফুটবল সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।  এছাড়া তিনি জাতীয় হকি ফেডারেশনের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন।  প্রত্যহ বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সিজেকেএস কনফারেন্স রুমে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

সিডিএফএ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়সসীমা অনুর্ধ্ব-১৩ নির্ধারণ করা হয়।  ১ আগস্ট ২০১০ এর পরে এবং ৩১ জুলাই ২০২৩ এর মধ্যে যাদের জন্ম শুধুমাত্র তারা অংশগ্রহণ করতে পারবে।

এ টুর্নামেন্টে অংশ নেয়া একাডেমি গুলোকে লটারীর মাধ্যমে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়।  ‘এ’ গ্রুপে রয়েছে : কুয়াইশ স্পায়ার, ডায়নামিক ফুটবল একাডেমি, শোভানীয়া ফুটবল একাডেমি।  ‘বি’ গ্রুপে: আনোয়ারা ফুটবল একাডেমি, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, ফরিদ ফুটবল একাডেমি।

‘সি’ গ্রুপে: পটিয়া ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি ও আবদুস সোবহান ফুটবল দল।  ‘ডি’ গ্রুপে অংশগ্রহণকারী একাডেমি সমূহ: পতেঙ্গা ফুটবল একাডেমি, এ প্লাস ফুটবল একাডেমি, শিকলবাহা ফুটবল একাডেমি ও কালারপোল ফুটবল একাডেমি।