একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন

টাঙ্গাইলের সখীপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশগ্রহণ করেছেন তিন সহোদর বোন।  একসঙ্গে তিন‌ বো‌নের পরীক্ষা দেওয়ার ঘটনা‌টি সবার নজর কেড়েছে ।

তিন বোন হলো- বড় সুমাইয়া ইসলাম, মেজো সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম।  তারা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।

রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নি‌য়ে‌ছেন।

পরীক্ষার্থীদের বাবা শফিকুল ইসলাম বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত।  আশা করি এবার এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল কর‌বে।  তাদের উচ্চ শিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করছি।  আমার তিন মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী।  এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখবে ব‌লে আশা ক‌রি।