একতরফা নিষেধাজ্ঞা দিতে পারবে না যুক্তরাষ্ট্র: কাদের

বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো ‘চরম সিদ্ধান্তের পক্ষে’ না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও ‘একতরফা নিষেধাজ্ঞা’ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  আর যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কোনো ধরনের পণ্য কেনা হবে না বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলেই বাংলাদেশের উপর একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ তাদের বন্ধু রাষ্ট্ররা চরম কোন সিদ্ধান্তের পক্ষে নয়। আন্তর্জাতিক বিশ্বে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে আমাদেরও বন্ধু আছে। তারাও আমাদের খোঁজখবর নিচ্ছে। ‘ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন আছে। বাংলাদেশের বিষয়ে চরম পন্থায় যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থক্য আছে,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।