একজন শ্রমিক নেতার এত টাকা কোথা থেকে আসে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

কজন শ্রমিক নেতার এত টাকা কোথা থেকে আসে, কিংবা তিনি বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ টাকা কোথায় পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের মতবিনিময়কালে শ্রমিক নেতা কল্পনা আক্তারকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ১৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের কল্পনা আক্তারের মতো শ্রমিক এবং অধিকারকর্মীদের পাশে দাঁড়াতে চাই।’ কল্পনা আক্তার আমেরিকার এজেন্ট কি না, সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,
কার এজেন্ট আমি জানি না। তবে এক বছরে যতবার বিদেশ গেছেন এবং সেই বিদেশযাত্রায় ১৪ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। কাজেই একজন শ্রমিক নেতার এত টাকা কোথা থেকে আসে বা এতবার বিদেশযাত্রার কেন প্রয়োজন পড়ে, সেটি একটা প্রশ্ন। তবে কার এজেন্ট আমি জানি না। বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি ভোট পড়বে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এলিজাবেল ভোটারদের মধ্যে অর্ধেক কিংবা তার চেয়ে একটু বেশি ভোটার হয়। এই ভোটার যারা হয়, তার মধ্যে ৪০ শতাংশ বা তার কাছাকাছি হারে ভোট পড়ে। তাহলে প্রকৃত ভোট পড়ে ২০ শতাংশের কাছাকাছি। আমাদের দেশের সবাই ভোটার হয়। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভোট পড়বে। বিএনপি বারবার নির্বাচন থেকে পালিয়ে যায় মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলেই তা বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পাবে। ১৯৭০ সালের যে নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে জাতির পিতা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন হয়েছেন, সেই নির্বাচনেও বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। বহু বড়ো নেতার রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই নির্বাচন সমস্ত দুনিয়ায় গ্রহণযোগ্য ছিল। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক দল আসার বিষয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি ১০ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছে। এরইমধ্যে তাদের চার সদস্য ঢাকায় পৌঁছেছে। সার্কভুক্ত দেশগুলো ঢাকায় পর্যবেক্ষক পাঠাবে সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই পর্যবেক্ষক পাঠাচ্ছে। দেশি-বিদেশি বিপুল পর্যবেক্ষক থাকবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবাই মনোনয়ন জমা দিচ্ছেন। তবে বেশিরভাগ প্রার্থীই শেষ দিকে জমা দেন। আমি নিজেও গতকাল (২৯ নভেম্বর) জমা দিয়েছি। ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। বহু অনিবন্ধিত রাজনৈতিক দলও নির্বাচনে আসছেন। বিএনপির নির্বাচন বর্জন করার বিষয়ে তিনি বলেন, নিজেরা বর্জনের পাশাপাশি সবাইকে এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছির বিএনপি। কিন্তু তাদের সেই আহ্বানে তাদের জোটের শরিকরাই সাড়া দেয়নি। তাদের জোট থেকে বেরিয়ে এসেছে মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ৬টি দল নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তারা এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গণপরিবহনে আগুন দেয়া কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা নেই। আজ নাকি হরতাল? আগে আমরা দেখতাম, হরতাল হলে গাড়ি ঘোড়া চলতো না। রাস্তায় পিকেটিং হতো। কিন্তু বিএনপির হরতাল বোঝার কোনো উপায় নেই। বিএনপির এসব সিদ্ধান্তের সঙ্গে তাদের নেতাকর্মীরা একমত না।