উলিপুরে নৌকা ডুবিতে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১০ম দিনে শামীম মিয়া (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। নৌকা ডুবির ঘটনায় এখনো ২জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ জুন) সুন্দরগঞ্জ  উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাশিমবাজার মোহাম্মদ মোশাররফ হোসেনের ঘাট এলাকায় তিস্তা নদীর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শামীম মিয়া বজরা ইউনিয়নের মিয়াজি পাড়া এলাকার আজিজ মিয়ার ছেলে ।
এলাকাবাসী জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দল অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে শুক্রবার সকালে শামীম মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩) ও ইরা মনি (১০) নিখোঁজ রয়েছেন।
এদিকে দুই শিশু সন্তানকে নৌকা ডুবিতে হারানো আজিজুল হক কান্না জড়িত কন্ঠে বলেন, নৌকা ডুবে যাবার পর তিনি ভেসে উঠে দেখতে পান তার শিশু সন্তান আয়শা ভেসে আছে। এ সময় তিনি এক হাত দিয়ে তাকে ধরেন। একই সময় স্ত্রী চায়না বেগম ভেসে উঠলে তিনি তাকেও ধরেন। এরপর খুব কষ্ট করে স্রোতের বিপরীতে দুজনকে দুই হাতে ধরে নদীর তীরে আসেন। স্থানীয়দের সহায়তায় উপরে উঠে দেখেন স্ত্রী বেঁচে থাকলেও তার হাতে থাকা শিশু সন্তানের দেহে প্রাণ নেই। তার অপর শিশু শামীম (৫) নিখোঁজ ছিলেন। নৌকা ডুবির ১০ম দিনে বাবা আজিজুল হক শিশু সন্তান শামীমকে পেলেন, জীবিত নয় মৃত্যু। একই পরিবারের দুটি শিশু সন্তান হারিয়ে যাওয়ায় চলছে শোকের মাতম।
বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, শুক্রবার (২৮ জুন) সকালে তিস্তায়  নৌকা ডুবির ১০ম দিনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাশিমবাজার মোহাম্মদ মোশাররফ হোসেনের ঘাট এলাকায় তিস্তা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এ ঘটনায় এখনো ২জন নিখোঁজ রয়েছে।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সোহেল রানা জানান, শামীম মিয়া নামের একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় শুক্রবার (২৮ জুন) সকালে শামীম মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।