বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতির অনুমতি নিয়েছে তফসিল ঘোষণা করার। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের যে কোন দিন তফসিল ঘোষণা করবে ইসি। তাই তফসিল ঘোষণা করতে ইসিতে চলছে শেষ সময়ের ঘষামাজা। তফশিল ঘোষণার পরেই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এরই মাঝে সরকারের এই শেষ সময়ে শনিবার প্রশাসনের উপসচিব পদে ২৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে এসব পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির জন্য প্রশাসনের ২৯ ব্যাচের কর্মকর্তাদের ভিত্তি করে পদোন্নতি দেয়া হলেও এর আগে পদোন্নতিতে বাদ পড়া কর্মকর্তাসগ অন্যান্য ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদেরও পদোন্নতি দেয়া হয়েছে আদেশে। তাছাড়া পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৬২ জন আছেন অন্যান্য ক্যাডার কর্মকর্তা। সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নেয়ার কথা বলা হয়েছে। এক আদেশে ২৩১ জন ও অপর আদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দিয়ে এসব কর্মকর্তাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে বলেও আদেশে বলা হয়েছে। জনপ্রশাসনে অনুমোদিত উপসচিব পদের সংখ্যা ১ হাজার ৭৫০টি। নতুন করে পদোন্নতি দেয়ায় এই পদে কর্মকর্তার সংখ্যা এখন ১ হাজার ৭১৮ জন। গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।