উপনির্বাচন : লক্ষ্মীপুরে লাঙল-গোলাপের প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদের উপনির্বাচনে জাল ভোটসহ কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে লাঙল ও গোলাপ ফুলের প্রতীকের প্রার্থী ভোট বর্জন করেছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির সামছুল করিম অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টকে ঢুকতে দেয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছে। ১১৫টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। জাল ভোটের কারণে অনেক কেন্দ্রে ৩০-৪০ শতাংশ ভোট দেখানো হয়েছে। এসব অভিযোগে তারা ভোট বর্জন করেন।