উখিয়ায় নারী নেত্রীকে জবাই করে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে এক নারী নেত্রীকে (৩৮) জবাই করে হত্যার পর গ্রেফতার হয়েছেন পিতা-পুত্র। ওই নারী নেত্রীর নাম লুলু আল মারজান। গ্রেফতার পিতা-পুত্র হলেন- জাহাঙ্গীর আলম (৬০) ও তার ছেলে মো. সেলিম (২১)।

শনিবার (৬ মে) দিবাগত রাতে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ৭ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় প্রায় ৭ ঘণ্টা অভিযান চালিয়ে লুলু আল মারজান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মো. ইউছুপ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মেয়ে। মামলায় এজাহারনামীয় আসামি ৪ জন। অজ্ঞাতনামা রয়েছে আরো ৪ জন। নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।

পুলিশ জানিয়েছে, ইউছুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগে র‌্যাব তাকে গ্রেফতার করে। কারামুক্ত হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়। নিহত লুলু আল মারজানের পিতা আলমগীর মেম্বারকে ২৫ বছর আগে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন ঘাতক মো. ইউছুপের পিতা মো. জাহাঙ্গীর আলম। নিহত মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।