আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় গণভবন থেকে ভিডিওকলে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ,এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করার লক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। একইসঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও দলীয় নেতাদের কর্মীদের বৃক্ষ রোপন করতেও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপস্থিতি নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এই নির্দেশনা দেন।
যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্যাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমিন, বাহাউদ্দীন নাছিম, আবদুস সবুরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।