ইসরায়েলের বর্বরতার নতুন উদাহরণ

হাসপাতালে হামলায় নিহত ৫০০ শতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের কর্তৃপক্ষের মতে, গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছেন। আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের ওপর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় মঙ্গলবার পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনির মৃত্যুর তথ্য জানিয়েছিল হামাস। এরমধ্যেই হাসপাতালে চালানো হলো ভয়াবহ হামলা।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। মূলত বিমান হামলা থেকে বাঁচতেই হাসপাতালে গিয়েছিলেন তারা। তবে সেখানেও চালানো হয় ইসরায়েলি নৃশংসতা। গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। টিভিতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।
ওই ভাষণে আব্বাস বলেন, ‘হাসপাতালের এ হামলাটি জঘন্য যুদ্ধ গণহত্যা। এটি সহ্য করা যায় না। ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আমরা আমাদের ভূমি ছেড়ে কোথাও যাবো না এবং কাউকে আমাদের উচ্ছেদও করতে দেবো না।’ মঙ্গলবার এক বিবৃতিতে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা ও চলমান যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজার হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা একটি ‘গণহত্যা’ এবং ‘যুদ্ধাপরাধ’। এটি সম্পর্কে কেউ নীরব থাকতে পারে না।
এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফর বাতিল করে দিয়েছে জর্ডান। বুধবার জর্ডানে যাওয়ার কথা ছিল বাইডেনের।
এ সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এর সঙ্গে বৈঠক করতেন বাইডেন। সেখানে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করার কথা ছিল তাদের।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, বাইডেনের সঙ্গে এ বৈঠক বাতিল করা হয়েছে; সঙ্গে বাইডেনের সফরও। অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে মিশর। মিশরীয় সরকার একটি বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে এবং গাজায় মানবাধিকারের আরও লঙ্ঘন প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে।