ইউক্রেন যোগ দিলে ‘ন্যাটো’ আরো শক্তিশালী হবে:জেলেনস্কি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,  যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয় তবে সামরিক জোটটি আরও শক্তিশালী হবে।

এদিকে  লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এবার বসেছে পশ্চিমা জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। পাশে বেলারুশ আর রাশিয়া থাকায় আগে থেকেই ভিলনিয়াসে নিরাপত্তার কমতি রাখেনি জোটের নেতারা। একেবারে যেন রণসজ্জা। এসবের মধ্যেই যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।

এদিকে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, যখন সদস্যরা রাজি হবে এবং ইউক্রেন তার শর্ত পূরণ করবে তখন দেশটি অবশ্যই আমন্ত্রণ পাবে। ইউক্রেনের ন্যাটোতে আসার প্রক্রিয়া আরও সহজ করা হবে। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় ন্যাটো-ইউক্রেন কাউন্সিলেরও ঘোষণা দেন স্টলটেনবার্গ। উদ্বোধনী বৈঠকটি বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অংশগ্রহণে হবে।

রাশিয়া ইস্যুতেও কথা বলেছেন ন্যাটোপ্রধান। তিনি বলেন, ‘শীতল যুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্ররা। আমাদের পরিকল্পনাগুলো ন্যাটোর মুখোমুখি হওয়া দুটি প্রধান হুমকি – রাশিয়া এবং সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য সাজানো হয়েছে।’

সূত্র: আল জাজিরা