সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আস্তে আস্তে নিত্যপণ্যের দাম কমছে। দাম আরও কমবে। তিনি বলেন, নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। আস্তে আস্তে আরও কমবে। এই ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়।
বুধবার (২৯ মার্চ )সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে, নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।
এসময় ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক তা কখনো পূরণ হবে না। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা, ইইউসহ সবাই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে তো আমাদের উদ্বেগের কিছু নেই, কারণ আমরা সংবিধান মেনেই নির্বাচন করবো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন আর কেয়ার টেকারের প্রয়োজন নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০১ এর মতো কেয়ার টেকার সরকার চায়, দলীয় কেয়ার টেকার, ঢাকঢোল পিটিয়ে আন্দোলন হয় না। তারা কয়েক মাসে আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমিত। জনগণের অংশগ্রহণ ছিল না। গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনও করতে পারেনি বিএনপি।