আফছারুল আমীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়। এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান।

পরিবার সূত্র জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নেন।

ডা. আফছারুল আমীন ১৯৫২ সালের ১ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. আফছারুল আমীন। তিনি সরকারের নৌপরিবহণ ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া মৃত্যুর আগে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের এই নেতা।

এদিকে ডা. মো. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোক বার্তায় তিনি মরহুম ডা. মো. আফছারুল আমীনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ এক শোক বিবৃতিতে শিক্ষামন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এছাড়া সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিবৃতিতে তিনি বলেন, ডা. মো. আফছারুল আমীন চিকিৎসার মতো মহান পেশায় থেকে আজীবন জনমানুষের সেবা করেছেন। একজন রাজনীতিকের জীবনে মানব সেবাই মূল লক্ষ্য। ডা আফসারুল আমীনের মৃত্যু আওয়ামী রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। ডা আফসারুল আমীন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ নেতৃত্ব দিয়ে গেছেন।

সাবেক মেয়র নাছির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।