কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা শেষ পর্যন্ত টেকেনি। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও তার আবেদন খারিজ হওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল নাকচ করে দেন। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলো।
এর আগে, ঋণখেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট ২১ জানুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন, যা শেষ পর্যন্ত নাকচ হলো।
এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।