সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন লাহিরু থিরিমান্নে। এরপর আর খেলতে পারেনি জাতীয় দলের জার্সিতে। তাই সব আশা ছেড়ে দিয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন শ্রীলংকান এই ব্যাটার। সামাজিক মাধ্যমে নিজের বিদায় নেওয়ার সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন থিরিমান্নে।
তিনি লিখেছেন, ‘গত কয়েক বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল পরম সম্মানের। খেলাটি বছরের পর বছর আমাকে অনেক কিছু দিয়েছে। অবশ্য অনেক মিশ্র অনুভূতিও রয়েছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করছি।
আন্তর্জাতিক ক্রিকেটে থিরিমান্নের অভিষেক হয় ২০১০ সালে। ঢাকায় মিরপুরে এক ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে ম্যাচে শ্রীলংকান জার্সি প্রথমবার গায়ে জড়ান। পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক।
দেশের হয়ে ৪৪ টেস্টের ৮৫ ইনিংসে ২৬.৪৩ গড়ে ২০৮৮ রান করেছেন থিরিমান্নে, ১২৭ ওয়ানডেতে ৩৪.৭১ গড়ে তাঁর রান ৩১৯৪। ২০১২ সালে অভিষেকের পর এ পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২৬ টি, ১৬.১৬ গড়ে ২৯১ রান, স্ট্রাইক রেট ১০৮.৯৮। শ্রীলংকাকে ৫টি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন।