চট্টগ্রামের আনোয়ারায় গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু ও ১টি ছাগল পুড়ে গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মুসলিমপাড়া এলাকার আনোয়ারার হোসেনের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্থ আনোয়ার হোসেনের স্ত্রী শামসুন্নাহার জানান, গোয়ালে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আমার ৪টা গরু ও ১টা ছাগল পুড়ে গেছে। একেকটা গরু লাখ টাকার উপরে হবে। আগুন লেগে আমার ৫-৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর আগুনে পুড়ে আহত হওয়া বাকি দুইটি গবাদি পশুর চিকিৎসা করেছে উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালের চিকিৎসকরা।
উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশ বলেন, খবর পাওয়ার পর আগুনে পুড়ে আহত দুইটি গরুর চিকিৎসা করেছি। তার মধ্যে একটার অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, আগুন লাগার খবরে আমরা যোগাযোগ করি কিন্তু ভোক্তভোগীরা আমাদের যেতে বারণ করে। তারা জানান যে, আগুন স্থানীয়দের সহযোগিতায় তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন।