আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আরিয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের গরিব আলীর বাড়িস্থ এ দূর্ঘটনা ঘটে।  জানা যায় নিহত মোহাম্মদ আরিয়ান ঐ এলাকার মোহাম্মদ মিজানের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিল।  এসময় ঘরের পাশে পুকুর ঘাটে শিশুটি বোতলে পানি নিয়ে খেলছিল।  একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।  পরে স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মামুনুর রশীদ বলেন , পুকুরে ডুবে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।