আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে ধূমপান করার সময় আগুনে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  এঘটনায় চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামের আরেক কিশোর।

সোমবার (০৭ আগস্ট) সকালে ঢাকার শাহবাগ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়।

জানা যায়, রোববার (০৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের পুত্র।  ২ মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়।  আহত অপরজন মোহাম্মদ মাহিন বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

নিহত জয়ের ফুফাতো ভাই মোঃ জুয়েল মিয়া বলেন।  সে তার মামাতো ভাইয়ের দোকানে চাকরি করতো।  রোববার রাতে খালি গ্যাস সিলিন্ডারের গোডাউনে জয় আর মাহিন সিগারেট খাচ্ছিলো এমন সময় হঠাৎ গোডাউনের ভেতর চিৎকার শুনে সবাই গিয়ে দেখে তারা আগুনে দগ্ধ।  পরবর্তীতে তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জয় মারা যায় এবং মাহিন এখনো চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  এ ঘটনায় দুইজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  ধারণা করা হচ্ছে গ্যাস লিক হয়ে রুমে ছড়িয়ে গিয়েছিলো। এমন সময় আগুনের স্পর্শ পাওয়ায় আগুন লেগে গেছে পুরোরুমে। আর সেই আগুনে তারা দগ্ধ হয়।