আড়াইহাজারে পুলিশ কুপিয়ে জখমের ঘটনায় ঢাকা থেকে গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।

ইমরান খান বলেন, ‘ভোরে গোপন তথ্যে গুলশানের ওই পাঁচ তারকা হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গত মঙ্গলবার বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজারে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহত ৩ পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।