চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও মা-বাবাকে হত্যার হুমকির অভিযোগে হাতেনাতে আটক তিন ছাত্রলীগ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত। এতে হতবাক ও বিষ্ময় প্রকাশ করেছেন ওই স্কুলছাত্রীর পরিবার ও এলাকাবাসী।
সোমবার (১৭ সেপ্টেম্বর) ওই ছাত্রীর স্কুল শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে আদালতে পাঠিয়েছিল মিরসরাই থানা পুলিশ। পরেরদিন মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পেয়ে তিন ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আলহামদুল্লিাহ’ লিখে স্ট্যাটাসও দেন।
জানা গেছে, তারা স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র আওয়ামী লীগ নেতা রুহেল এবং ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টারের অনুসারী।
জামিনপ্রাপ্তরা হলো- ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শামছুদ্দিন প্রকাশ বুলেট সালমান, একি ইউনিয়ন ছাত্রলীগের ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রিফাত হোসেন এবং ছাত্রলীগ কর্মী এমরান হোসেন বাদশা প্রকাশ শুভ। তাদেরকে মঙ্গলবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্ব-স্বপদ থেকে বহিষ্কার করেছে মিরসরাই উপজেলা ছাত্রলীগ।
এদিকে, আটকের পরদিন দ্রুত জামিনে বেরিয়ে আসায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
সূত্রে জানা গেছে, তিন ছাত্রলীগনেতাসহ ৪ জন আটকের পর এমপি পুত্র মাহবুবুর রহমান রুহেলের পিএস হাবিব খান ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টারের পিএস হিসেবে পরিচিত জব্বার আলীকে মিরসরাই থানার ওসির সাথে সাক্ষাৎ করতে পাঠান। এ সময় হাবিব খান তার ব্যক্তিগত মুঠোফোনে ওসি কবির হোসেনের সাথে রুহেলের কথা বলিয়ে দেন। কিন্তু ঘটনাটি জটিল আকার ধারণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকায় আটককৃতদের ছাড়তে অপারগতা প্রকাশ করেন ওসি কবির হোসেন। পরবর্তীতে স্কুলছাত্রীর পিতা বেলায়েত হোসেনের করা অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা রজু করে তাদের আদালতে পাঠান।
গত ১৭ সেপ্টেম্বর আটককৃত ছাত্রলীগ নেতারা স্কুলছাত্রীর মা আকলিমা বেগমকে অভিযোগ তুলে নিতে হত্যার হুমকি দিয়ে দাম্ভিকতার সাথে বলেছিল, হত্যা মামলাও এখন এক মাসেই জামিন হয়। কিন্তু হত্যার হুমকি ও যৌন নিপীড়ন করেও আটকের ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের জামিন হয়ে গেল!
আরও পড়ুন : মিরসরাইয়ে ইজ্জত বাঁচাতে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার