আজ ২৩তম বাজেট অধিবেশন

একাদশ জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার (৩১ মে)। বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

আজ বিকেল ৫টায় অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে অধিবেশনের কার্যদিবস ছাড়াও বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ এবং বাজেট পাসের দিনক্ষণ নির্ধারণ করা হবে। প্রতিবছর ৩০ জুন বাজেট পাস হলেও এবার ঈদের ছুটির কারণে ২৫ জুন বাজেট পাসের প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর অধিবেশন মুলতবি করা হবে।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুত্ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।

দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আগামী রোববার থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর আগামী ২৫ জুন বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষে সম্ভাব্য বাজেটের আকার হবে ৭৬১,৭৮৫ কোটি টাকা।

সরকার এই সময় আগামী অর্থবছরে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষে রয়েছে যেখানে প্রায় ৬.৫ শতাংশ মূল্যস্ফীতি। আগামী বছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে জিডিপি’র ৩৩.৮ শতাংশ।