ভারতে জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না। বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ফরাসী প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন। দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
ফরাসী প্রেসিডেন্টের এই সফরের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বিস্তৃত হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বাংলাদেশ ও ফরাসী সরকার আন্তরিকভাবে আশা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।
এমএইচএফ