আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ ইসরায়েলি সেনার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দেড় মাস ধরে চালানো এই হামলায় গাজায় বহু সংখ্যক মসজিদ বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবার প্রকাশ্যে এসেছে আরেকটি জঘন্য কর্মকাণ্ড।

এরমধ্যেই ভাইরাল হয়েছে এক ইসরায়েলি সেনার ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনের রামাল্লাহর বুদরুস গ্রামের একটি মসজিদে— ফজরের আজান চলার সময় একটি স্টান গ্রেনেড ছুড়ছে ওই ইসরায়েলি সেনা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে।

আজান চলাকালীন মসজিদে গ্রেনেড ছোড়া ওই সেনাকে অবশ্য ইতিমধ্যে বরখাস্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি অপর সংবাদমাধ্যম হারেৎজ ডেইলি জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের অপদস্থ করে গত কয়েকদিন ধরে ভিডিও ধারণ করছে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে। মসজিদে গ্রেনেড ছোড়ার বিষয়টি ওই ট্রেন্ডেরই ধারাবাহিকতা।

সূত্র: টাইমস অব ইসরায়েল