আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে রাসায়নিক বিস্ফোরণ, দগ্ধ ৪

ঢাকার আগারগাঁও তালতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রাসায়নিকের খালি ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন- রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), সরলাল দাস (৪৫) ও মোজাফফর (২৬)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে নেওয়া হয়েছে। ইনস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিনের শরীরের ২২%, রফিকুল ইসলামের শরীরের ৪৩% দগ্ধ হয়েছে। এই দুইজনকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সরলাল দাস ও মোজাফফর সামান্য দগ্ধ হয়েছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। উদ্ধারকারী শ্রমিক শফিকুল ইসলাম জানান, তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রাসায়নিকের একটি খালি ড্রাম পানি রাখার জন্য আনা হয়। শ্রমিকরা ওই ড্রামের মুখ কাটার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।