দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা সংবাদ দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পবিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় তিনি এ অনুরোধ জানান।
সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরকে মিথ্যা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন, কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘নিহত ওই ব্যক্তি সম্মেলনের ধারে কাছেও ছিলেন না। তিনি বাড়িতে ছিলেন। বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অথচ বলা হচ্ছে, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে।’
সাংবাদিকদের বন্ধু আখ্যায়িত করে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘পুরোপুরি অবহিত না হয়ে কেউ এভাবে নিউজ করবেন না।’
বিরোধীদল বিএনপির বিভাগীয় সমাবেশের প্রতি ইঙ্গিত দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিরোধীদল হলে আপনারা শিরোনাম দেন- চারদিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে, হেঁটে আসতেছে। এগুলো দিতে আমাদের বারণ নাই। এগুলো আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ।’
অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।