আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণ জানালেন ইসি আলমগীর

নির্বাচন আচরণবিধি পরিপন্থী হবে বলে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ইসি আলমগীর বলেন, ‘বিএনপি নির্বাচনে না আসায় তাদের জন্য আচরণবিধি প্রযোজ্য নয়। তবে আওয়ামী লীগ নির্বাচনে আসায় তাদের জন্য আচরণবিধি প্রযোজ্য। বিএনপি আমাদের কাছে অনুমতি চায়নি। বিএনপি অনুমতি চাইলেও পুলিশের কাছে চাইবে, আমাদের কাছে না। যেহেতু এখন নির্বাচন চলছে সভা, সমাবেশ করতে হলে নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিতে হয়। নির্বাচন আচরণবিধি পরিপন্থী হবে, তাই আওয়ামী লীগকে সমাবেশের অনুমিত দেওয়া হয়নি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা যেনো এটি নিয়ে ব্যস্ত না হয়ে যান। বৃহত্তর মঙ্গলের জন্য, আইন মেনে নেওয়ার জন্য এটা করা হয়েছে।’ সাংবাদিকেরাই নির্বাচন পর্যবেক্ষক কার্ড নিয়ে ইসি বলেন, ‘প্রকৃত সাংবাদিকেরাই নির্বাচন পর্যবেক্ষক কার্ড পাবেন। এই বিষয়টি তদারকি করবেন সাংবাদিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ, গোয়েন্দা বিভাগ ও রিটার্নিং কর্মকর্তারা।’ মো. আলমগীর বলেন, ‘বিদেশিরা যারা আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা কখনো নির্বাচন কমিশনকে চাপ দেয়নি। চাপ দেওয়ার অধিকার তাদের নেই। আমরা স্বাধীন, সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর করার জন্য আমরা কী কী ব্যবস্থা নিয়েছি। তারা আমাদের কার্যক্রমগুলো জানতে চায়। তারা কার্যক্রমের মাধ্যমে বুঝতে চায় যে আমরা একটি ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেসব নিয়েছি কিনা? আমরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় নেই। ইনশাল্লাহ একটি ভালো নির্বাচন হবে।’ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় জেলার আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।