ছয় দশকেরও বেশি সময় আগে, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম নারী প্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
সাত বছর গভর্নরের দায়িত্ব পালন শেষে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ফিলিপ লোয়ি, তার স্থলাভিষিক্ত হিসেবে কর্তৃপক্ষ এরই মধ্যে মিশেল বুলকের নাম ঘোষণা করেছে বলে জানিয়েছে বিবিসি।
এমন এক সময়ে এই নারী দায়িত্ব নিতে যাচ্ছেন যখন অস্ট্রেলিয়াকে জিনিসপত্রের বাড়তি দামের সঙ্গে লড়াই করতে আর আরবিএকে বড় ধরনের ধাক্কা সামলাতে হচ্ছে।
মূল্যস্ফীতি মোকাবেলায় অস্ট্রেলিয়ার এ কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে হয়েছে।
অস্ট্রেলিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পুরুষদের ব্যাপক আধিপত্য বিদ্যমান, এই খাতে নারী-পুরুষের বেতনে বৈষম্যও প্রকট।
বুলক এখন আরবিএ-র ডেপুটি গভর্নর; কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে তার ৭ বছরের মেয়াদ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা।
“দায়িত্বে আসার সময় হিসেবে এটা চ্যালেঞ্জিং, কিন্তু নির্বাহীদের শক্তিশালী একটি দল ও পরিচালনা পর্ষদ আমাকে সহায়তা করবে। নীতি এবং নানান কার্যক্রমের মধ্য দিয়ে রিজার্ভ ব্যাংক যেন অস্ট্রেলীয় জনগণের উপকারে আসে তা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ,” শুক্রবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এমনটাই বলেছেন বুলক।
চার দশক আগে বিশ্লেষক হিসেবে অস্ট্রেলিয়ার এই কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিয়েছিলেন তিনি, তাকে এখন প্রতিষ্ঠানটির ‘ঘরের লোক’ হিসেবেই দেখা হয়।
গত বছরের এপ্রিলে ডেপুটি গভর্নর হওয়ার আগে বুলক সহকারী গভর্নর, পেমেন্ট নীতি বিভাগের প্রধানসহ অনেকগুলো গুরুদায়িত্ব সামলেছেন।
বুলককে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
“চলমান এই অর্থনৈতিক সংকটের মধ্যে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে অস্ট্রেলিয়া এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা, দক্ষতা ও নতুন দৃষ্টিভঙ্গি আছে বলেই আমরা বিশ্বাস করি,” বলেছেন তিনি।
দেশটির অর্থমন্ত্রী কেটি গ্যালাহার বলেছেন, “প্রথমবার আরবিএর নেতৃত্বে আসছে কোনো নারী, অস্ট্রেলিয়ার জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। ”
বিদায়ী গভর্নর লোয়ি উত্তরসূরীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জীবনযাপনের বাড়তি খরচ মোকাবেলায় লড়ে যাওয়া কেন্দ্রীয় ব্যাংক ভালো লোকের হাতেই পড়তে যাচ্ছে।
“অর্থ বিভাগ অসাধারণ একজনকে নিয়োগ দিয়েছে। আমি মিশেলের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি,” বলেছেন তিনি।