ইন্টার মিয়ামির জার্সিতে বহুল প্রতীক্ষিত অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি দিয়েই অভিষেকও রাঙিয়েছেন তিনি। নতুন ঠিকানায় মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন এ আর্জেন্টাইন অধিনায়ক।
শনিবার (২২ জুলাই) ভোরে ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপে ইন্টার মিয়ামির মুখোমুখি হয় ক্রুজ আজুল। এ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে মিয়ামি। মূলত ম্যাচের শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত গোলেই জয় নিশ্চিত হয়েছে এমএলএসের ক্লাবটির।
এদিন ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মিয়ামি। আর মেসিকে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের মিয়ামিতে অভিষেক হয় ৫৪ মিনিটে। মেসির অভিষেকের ১১ মিনিট পর গোল হজম করে মিয়ামি। ৬৫ মিনিটে ইউরিয়েল আন্তুনার গোলে সমতায় ফেরে ক্রুজ আজুল।
১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের অপেক্ষা, তখনই মেসি ম্যাজিক। অতিরিক্ত সময়ের চার মিনিটে ফ্রী কিকে দারুণ গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মিয়ামি ম্যাচ জেতে ২-১ গোলে।