অবরোধের ২য় দিনে চট্টগ্রামে বিএনপির মিছিল, ২০ নেতাকর্মীকে গ্রেফতারের দাবি

সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৬ষ্ঠ দফা অবরোধের ২য় দিন চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে বিএনপি।

এদিন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করায় মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতার করার দাবি করা হয়েছে।

বিএনপি নেতাদের দাবি, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মঈনুদ্দীন যায়েদকে না পেয়ে তার ব্যবসায়ী বড় ভাই তৌহিদুল ইসলামকে গতকাল রাতে তাদের বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বাঁশখালী থানা পুলিশ। থানায় রাতভর অমানুষিক নির্যাতন করে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করে জেল হাজতে প্রেরণ করারও অভিযোগ তুলেন।

এদিকে অবরোধের সমর্থনে দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরীর লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও নকিব উদ্দীন ভূইয়ার নেতৃত্বে হালিশহর বড়পুল এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া মহানগর মহিলা দলনেত্রী জেসমিনা খানম, আঁখি সুলতানা, দেওয়ান মাহমুদা আক্তার লিটা ও ফাতেমা কাজলের নেতৃত্বে হালিশহর বড়পুল ওয়াপদা মোড় এলাকায় মহিলাদলের বিক্ষোভ মিছিল, মহানগর বিএনপি নেতা মাঈনুদ্দীন মো. শহিদের নেতৃত্বে লিংক রোড়ে মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কাজীর দেউড়ী ও লালখান বাজার মোড়ে মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাতে পটিয়া মহাসড়কে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, পুরাতন চান্দগাঁও থানা থেকে মৌলভীপুকুর এলাকায় চান্দগাঁও থানা যুবদলের মিছিল, স্বেচ্ছাসেবক দল নেতা ইসহাক খানের নেতৃত্বে রাহাত্তার পুল কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে মিছিল, বাশঁখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জি. আতিক বিল্লাহ ও রুম্মান আজফারের নেতৃত্বে প্রবর্তক মোড় এলাকায় মিছিল, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, ছাত্রদল নেতা রাসেল মির্জার নেতৃত্বে পাহাড়তলী ডি,টি রোড থেকে লাকী হোটেল মোড় এলাকায় মিছিল, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাহিন ও মো. সারাতের নেতৃত্বে বন্দর এলাকায় যুবদল ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়।