অবরোধের শেষ দিনে চট্টগ্রামে বেড়েছে যান চলাচল, বেড়েছে যাত্রী

আজ বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের শেষদিন। প্রথম দিন ও দ্বিতীয় দিনের তুলনায় আজ নগরীসহ মহাড়কগুলাতে বেড়েছে যানবাহন চলাচল। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। এদিকে, সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউ মার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজ, একেখান, অলংকার, বড়পোলসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, গত দুইদিনের তুলনায় সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। নতুন ব্রিজ এলাকায় পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার কয়েকটি গাড়ি ভোরেই ছেড়ে গেছে। আরও কিছু গাড়ি ছেড়ে যাওয়ার অপেক্ষায়।

জিইসি, একে খান, কদমতলী, বহদ্দারহাট, কর্ণেলহাট, ভাটিয়ারী, অলংকারসহ কয়েকটি বাস স্টপেজে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়াও নগরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।