রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় অপহৃত রাশিদুস সাবরু নিলয় নামে ২৪ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২০), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম।
তিনি বলেন, গত ৪ এপ্রিল ভুক্তভোগী নিলয়ের বাবা র্যাব-৪ এর কাছে লিখিত একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছু দুষ্কৃতিকারী তার ছেলে রাশিদুস সাবরু নিলয়কে অপহরণের পর আটক রেখে নির্যাতন করছে। মোবাইলের মাধ্যমে ছবি পাঠিয়ে নগদ ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা। অভিযোগের পর রাজধানীর দক্ষিনখান থানার ফায়দাবাদ এলাকায় অভিযান চালায় র্যাব। অপহৃত যুবক নিলয়কে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা মাজহারুল ইসলাম আরও জানান, অপহৃত নিলয় সাভার থানর রেডিও কলোনি এলাকার বাসিন্দা। অপহরণকারী চক্রের মূলহোতা আতিয়া ইসলাম নীলার সঙ্গে ২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় তার। পরিচয়ের ২ থেকে ৩ মাস পর নিলয়ের পরিবার বাসা পরিবর্তন করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত ২৬ মার্চ আতিয়া ইসলাম নিলয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও কুশলাদি বিনিময়ের একপর্যায়ে দেখা করতে চান। পরে নিজ বাসায় দাওয়াতের নাম করে নিয়ে গিয়ে অন্যান্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করে নিলয়কে।
তিনি বলেন, পরবর্তীতে ভুক্তভোগীর বাবার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার বাবা কোনো উপায়ান্তর না দেখে র্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব-৪ এর এই কর্মকর্তা।