রাঙামাটি পার্বত্য জেলায় কয়েকদিনের অতিবৃষ্টিতে পাহাড়ি ঢল সৃষ্টি হওয়ায় কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৫ আগস্ট) সকালে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আজ শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
তবে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
জেলার ১০ উপজেলার মধ্যে ৫উপজেলার যোগাযোগের মাধ্যম নৌপথ।
এর আগে গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৬৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায়, ঝুঁকিতে বসবাস করাদের নিরাপদে চলে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রয়েছে। ইতোমধ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কে। এতে জলাবদ্ধ হয়ে পড়েছে দেড় শতাধিক দোকান ও বসতবাড়ি।