পবিত্র রমজান মাসে ইফতারের দাওয়াত খেতে এসে মেজবানের ঘর থেকে নগদ টাকা চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান আহমেদ (৩৫) বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের মৃত আমির মিয়ার ছেলে ইমরান আহমেদের প্রতিবেশী হলেন ২নং বিবাদী রুবিনা বেগম ও ৩নং বিবাদী মুহিবুর মিয়া। প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। রুবিনার ভাই মোস্তাক আহমেদ তপু (২২) প্রায়ই বোন-দুলাভাইয়ের বাড়িতে আসতেন এবং সেই সুবাদে ইমরানের সাথেও তার সুসম্পর্ক গড়ে ওঠে।
গত ১৩ রমজান (৩রা মার্চ) সন্ধ্যায় ইমরান আহমেদ তপুকে নিজের বাড়িতে ইফতারের দাওয়াত দেন। ইফতার শেষ করে ইমরান ও তার পরিবারের সদস্যরা পাশের রুমে নামাজ পড়তে গেলে, এই সুযোগে তপু তার বোন ও দুলাভাইয়ের যোগসাজশে ইমরানের বিছানার নিচে রাখা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়।
নামাজ শেষে ইমরান ঘরে ফিরে তপুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিছানা এলোমেলো দেখে সন্দেহ হলে তিনি জমানো টাকার সন্ধান করেন এবং টাকাগুলো চুরি হয়েছে বলে নিশ্চিত হন। পরবর্তীতে তপুর বোন ও দুলাভাইকে বিষয়টি জানালে তারা ঘটনাটি অস্বীকার করেন।
ভুক্তভোগী ইমরান আহমেদ জানান, আমি সরল বিশ্বাসে তাকে ইফতার করিয়েছি, কিন্তু সে যে আমার ঘরে চুরি করবে তা কল্পনাও করতে পারিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে এবং অভিযুক্তের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।
অভিযুক্ত তপু বলেন, আমি টাকা চুরির বিষয় কোন কিছুই জানি না। আমি তাদের বাড়িতে গিয়েছি কিন্তু তাদের ঘরের ভিতর যাইনি, বাহিরে থেকে চলে এসেছি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।