অবরোধের শেষ দিনে চট্টগ্রামে অটোরিকশায় আগুন, কাভার্ড ভ্যান ভাঙচুর

বিএনপির দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবারে (৬ নভেম্বর) চট্টগ্রামে একটি সিএনজি-চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।]

ভোর সাড়ে ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

বিএনপি ও জামায়াতের দুই দফা অবরোধে চট্টগ্রামে মোট ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সারাদেশে অবরোধসহ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দলের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের ইনচার্জ ইদ্রিস আলী এ দাবি করেন।